ইসলাম টাইমস ডেস্ক: ভারতে প্রতি ১৫ মিনিটে ধর্ষণের শিকার হয়েছেন একজন নারী। এ হিসাবে প্রতিদিন ৯১টি ধর্ষণ, ৮০টি খুন আর ২৮৯টি অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে এ তথ্য।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো (এনসিআরবি) ২০১৮ সালের যে তথ্য প্রকাশ করেছে, তাতে সামনে এসেছে এই পরিসংখ্যান। যদিও বাস্তবের ছবিটা এর থেকে আরও অনেকটাই ভয়াবহ, সেটাও মানছেন এনসিআরবি আধিকারিকরাই।
বার্ষিক অপরাধ বিষয়ক প্রতিবেদনে বলা হয়, ওই বছর প্রায় ৩৪ হাজার ধর্ষণের অভিযোগ পেয়েছে পুলিশ। এর মধ্যে ৮৫ শতাংশের বিচার প্রক্রিয়া শুরু হলেও, নিষ্পত্তি হয়েছে মাত্র ২৭ শতাংশ মামলা।
নারী অধিকার কর্মীদের অভিযোগ, প্রশাসনের অবহেলার কারণে বেড়ে চলেছে নারী নিপীড়ন। দাবি, নারীর প্রতি সহিংসতাকে যথেষ্ট গুরুত্ব দেয় না প্রশাসন। তদন্তের ক্ষেত্রে পুলিশের গাফিলতিরও অভিযোগ করেন তারা।
এনসিআরবি নিজেই জানিয়েছে, মৌখিক অভিযোগের মাত্র ১ শতাংশই শেষ পর্যন্ত এফআইআর পর্যন্ত গড়িয়েছে। এনসিআরবি যে পরিসংখ্যান পেশ করছে, তা কেবল এফআইআর-এর ভিত্তিতেই। এনসিআরবি-র নথি বলছে, থানায় যে লিখিত অভিযোগ করা হয়, তার মধ্যে ৬০ শতাংশের ক্ষেত্রে শেষ পর্যন্ত এফআইআর করে তদন্তে নামে পুলিশ।
এনসিআরবি-র দাবি, সব অভিযোগ এফআইআর হলে বাস্তবে ধর্ষণ, ডাকাতি বা খুনের ঘটনার সংখ্যা আরও বেড়ে যেত। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ১.৩ % ফৌজদারি অভিযোগ বৃদ্ধি পেয়েছে।
















