ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ইস্যুতে সরকারকে সমর্থনের শর্তে বিশিষ্ট মুসলিম স্কলার ড. জাকির নায়েকের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। শনিবার এক ভিডিও বার্তায় জাকির নায়েক এমন দাবি করেন।
তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হয়ে তার সঙ্গে কেন্দ্রীয় কর্মকর্তারা যোগাযোগ করেছিলেন। তারা তাকে বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতিতে কেন্দ্র তাকে কাজে লাগাতে চায়।
জাকির নায়েকের কাছে যে গোপন প্রস্তাব পাঠিয়েছিলেন মোদি-অমিত শাহ, দেশে ফেরা নিয়ে তাকে মোদি সরকারের দেয়া ওই টোপ প্রত্যাখ্যান করে তা এবার জনসম্মূখে প্রকাশ করে দেন ভারতীয় এ ধর্মপ্রচারক।
জাকির নায়েকের আরও দাবি, উত্তর ভারত নিয়ে কেন্দ্রের অবস্থানে সহমত হলে তার দেশে ফিরে আসতেও সমস্যা হবে না বলে মোদি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। যদিও তিনি কেন্দ্রের সঙ্গে এ ধরনের কোনও সমঝোতায় যাননি বলেই জানিয়েছেন।
তার কথায়, ‘প্রথম আমি বলেছিলাম, কোরআন ও সুন্নাহর বিরোধী নয়, এমন যা-কিছু আছে আমি তা করতে প্রস্তুত। কিন্তু, যখন শুনলাম কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমায় সমর্থন জানাতে হবে, তখন সরকারের ওই প্রস্তাব আমি খারিজ করে দিই।’
















