ইসলাম টাইমস ডেস্ক: নবগঠিত কমিটিতে পদ না পাওয়ায় মেহেরপুর গাংনী উপজেলায় ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা কাফনের কাপড় পরে মিছিল ও রাস্তা অবরোধ করেছেন।
আজ রোববার (১২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জীবন আকবর, ছাত্রলীগ নেতা হাসিব ও ইমরান হাবীবের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কাফনের কাপড় পরে একটি বিক্ষোভ মিছিল গাংনী উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সড়কের ওপর শুয়ে অবরোধ করে। এ সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক হিসাবে শিশিরের নাম মেহেরপুর জেলা কমিটির নেতৃবৃন্দ ঘোষণা করায় পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলন অব্যাহত রেখেছেন।
















