ইসলাম টাইমস ডেস্ক: গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন হয়। সে নির্বাচনে মৃত ব্যক্তি, প্রবাসী ও জেলে বন্দি ব্যক্তিরাও ভোট দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছেন, ইভিএমে মৃত ভোটার ভোট দিতে পারে না। অথবা বিদেশে আছেন, উনি কীভাবে ভোট দিলেন তা খতিয়ে দেখা হবে।
মো. আলমগীর বলেন, একজন মৃত ভোটার কিংবা বিদেশে থেকে তো ইভিএমে ভোট দেওয়ার সুযোগ নেই। এ জন্য বিএনপিকে একটা লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, তারা দিয়েও গেছেন।
সচিব বলেন, সেখানে যদি আমরা দেখি যে, প্রকৃতপক্ষেই মৃত এবং তার পক্ষে কেউ ভোট দিয়েছেন, তাহলে অবশ্যই বুঝতে হবে সিস্টেমের কোথাও একটা ডিউ লার্ন। ইভিএম তো দোষ করতে পারে না, তাহলে এই দোষের সঙ্গে জড়িত কারা। আর যদি দেখা যায়, অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, উনি জীবিতই আছেন, হাজির হয়ে যদি বলেন আমিই ভোট দিয়েছি। যাই হোক না কেন, সত্য বের করতে হবে। কমিশন বলেছে, এটার সত্যতা তারা বের করবে।
তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায়, যারা এ বিষয়ে দায়ী তাদের বিষয়ে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান ইসি সচিব।
















