ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশনের আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। ’
আজ বৃহস্পতিবার পৌনে ১২টায় রায়ের বাজার প্রেমতলা এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবেন। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।’
নির্বাচনী প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, ‘প্রচারণার সময় জনগণের কাছে গিয়েছি। গণসংযোগে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিপক্ষরা গণজোয়ার দেখে হামলা করছে। এতে কিছু কিছু প্রার্থী আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে।’ এ সময় ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
















