ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে সিটি নির্বাচনে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সিটি নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। নানাভাবে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেনের বিজয় ঠেকাতে পারবে না।
তিনি বলেন, রাজনৈতিক কারণে আরাফাত রহমানের মৃত্যু হয়েছে। তিনি রাজনীতি করতেন না। তারপরেও প্রতিহিংসার কারণে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি।
















