ইসলাম টাইমস ডেস্ক: চীনের রহস্যময় করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৯ থাকলেও এখন তা ১৭ জনে দাঁড়ায়। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বুধবার আক্রান্তের সংখ্যা ৪৪০ জানানো হলেও একদিনের ব্যবধানে ৬০০ ছাড়িয়েছে।
এছাড়া ভাইরাসটি প্রায় চার মহাদেশের অন্তত ৭টি দেশে ছড়িয়ে পড়েছে; যা বিশ্বজুড়ে মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। চীনের এ ভাইরাস নিয়ে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষ থেকে মানুষে সংক্রমিত এ ভাইরাসটি বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি।
ভাইরাসটির প্রতিরোধে চীনের অন্তত দুটো শহর সিলগালা করে দেয়া হয়েছে। বিবিসি বলছে, ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের ১ কোটি ১০ লাখ নাগরিকের শহর উহানে সব গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
















