ইসলাম টাইমস ডেস্ক: সড়কে নারী গাড়িচালকের সংখ্যা বাড়লে, দুর্ঘটনা অনেক কমে আসবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীতে ব্র্যাক ড্রাইভিং ট্রেইনিং স্কুলে প্রশিক্ষণ নেয়া নারী চালকদের হাতে সনদ তুলে দিয়ে একথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আইন মেনে ও ঠান্ডা মাথায় নারীরা গাড়ি চালান। তারা নেশা করেন না। গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলেন না। তাই যতো বেশি নারীকে পেশাদার গাড়িচালক হিসেবে নিয়োগ দেয়া যাবে, সড়ক দুর্ঘটনার ঝুঁকিও তত কমবে।
সরকারি-বেসরকারি খাতের সবাইকে নারী গাড়ি চালকদের নিয়োগের পথ সুগম করতে এগিয়ে আসতে হবে। এখন থেকে এ বিষয়ে সরকার আরো গুরুত্ব দেবে বলে জানান ওবায়দুল কাদের।
‘উইমেন বিহাইন্ড দ্য হুইল ফর রোড সেফটি’ শিরোনামের অনুষ্ঠানে সাফল্যের সঙ্গে ড্রাইভিং প্রশিক্ষণ শেষ করা ১১ নারী সনদ ও ড্রাইভিং লাইসেন্স নেন।
অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
২০১১ সালে ব্র্যাক ড্রাইভিং ট্রেইনিং স্কুল চালু করে। এ পর্যন্ত ৭ হাজার ৩৮৮ জনকে গাড়ি চালানোর প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়েছে, যার মধ্যে ১ হাজার ৯৭৩ জন নারী। এছাড়াও ১০ হাজার ৩৭৩ জনকে দেয়া হয়েছে পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ যাদের মধ্যে ২১৪ জন নারী।
















