ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানে মোট ৮৩ জন আরোহী ছিলেন। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।
আফগান গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আফগানিস্তানের গজনী প্রদেশের দেহ-ইয়াকের পর্বতাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের পর পরই বিমানে আগুন ধরে যায়।
এ দিকে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি বোয়িং ৭৩৭-৪০০ মডেলের। এটি আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্সের বলে জানা গেছে। যদিও আরিয়ানা কর্তৃপক্ষ বলছে, এই বিমানটি তাদের নয়।
বিধ্বস্ত বিমানে মোট ৮৩ জন আরোহী ছিলেন। তাদের সর্বশেষ অবস্থা জানা যায়নি। বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন লাগায় এতে থাকা আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলেই ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের এই ফ্লাইট অভ্যন্তরীণ ফ্লাইট ছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
















