ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানান, ওই দোকানের পেছনে পিংকি স্টোর দোকান মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আগুন ধরার সময় নারী ও শিশু ঘরের মধ্যে ছিলেন। আগুনে দগ্ধ হয়ে ওই পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
মৌলভীবাজার ফায়ার স্টেশনের ম্যানেজার জানান, আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
















