ইসলাম টাইমস ডেস্ক: অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের হটাতে সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে অঞ্চলটিতে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
আল-জাজিরা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণার প্রেক্ষিতে ফিলিস্তিনিদের ক্ষোভের মধ্যেই তেল আবিব সিদ্ধান্তটি নিল। বুধবার (২৯ জানুয়ারি) বাইবেলের পরিভাষা ব্যবহার করে এক বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ইহুদিবাদী বাহিনীটির দাবি– চলমান পরিস্থিতির মূল্যায়ন করে ইসরায়েলিদের নিরাপত্তার স্বার্থে জুদেই, সামারিয়া এবং গাজা সীমান্তে শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা করা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে এরই মধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন। বিষয়টিকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, চুক্তিটি কখনোই পাস হবে না। আমরা তা হতে দেব না।
এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ফিলিস্তিনের জন্য পৃথক একটি রাষ্ট্র গঠন এবং পশ্চিমতীরে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় জেরুজালেম শহর ও আল-আকসা মসজিদকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়। সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে কেবল পূর্ব জেরুজালেম শহরের একটি অংশ আবু দিসকে বলা হয়েছে। তাছাড়া পশ্চিম তীরে গড়ে তোলা ইহুদি বসতিসহ গোটা অঞ্চলই ইসরায়েলের অন্তর্ভুক্ত থাকবে বলা জানানো হয়।
















