ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরের নাগরোটায় ভারতীয় সেনাদের গুলিতে এক স্বাধীনতাকামী নিহত হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।
জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ট্রাকে করে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা নাগরোটায় পৌঁছলে ভারতীয় সেনা ও স্বাধীনতাকামীদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় ভারতীয় বাহিনীর গুলিতে এক স্বাধীনতাকামী নিহত হয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় বাহিনীর একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষের এই ঘটনায় কাশ্মীরের নাগরোটায় এখন আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। আর পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভোরে নিয়মিত টহলদারিতে নাগরোটায় যায় সেনারা। ‘বিদ্রোহী’রা আগে থেকেই ওই এলাকায় অবস্থান করছিল। আর সেনাদের বহনকারী গাড়ি দেখেই তারা হামলা চালায়।
















