ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে নিরাপত্তাসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের জরুরি বৈঠকের পর শনিবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আনুষ্ঠানিক ঘোষণা দেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
জানা যায়, ট্রাম্পের সেই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পর কায়রোতে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ। মূলত সেই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আনুষ্ঠানিক ঘোষণা দেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যদিও বিষয়টি নিয়ে এখনো ইসরায়েলি কর্তৃপক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে বিভক্ত করে দুটি রাষ্ট্র (একটি ইহুদি, অন্যটি আরব) গঠনের সিদ্ধান্ত নেয়।
অসম ও অন্যায্য ওই সিদ্ধান্ত আরবরা মেনে নেননি। উল্টো ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র ঘোষিত হলে প্রতিবেশী চার আরব দেশ মিসর, সিরিয়া, জর্ডান ও ইরাক একযোগে অবৈধ রাষ্ট্র ইসরাইলের ওপর হামলা চালায়।
মাত্র ছয় দিনের সেই যুদ্ধে আরবরা পরাজিত হয় এবং ইসরাইল জাতিসংঘের পরিকল্পনায় তাদের জন্য বরাদ্দকৃত ফিলিস্তিনের ৫৬ শতাংশের জায়গায় মোট ৭৭ শতাংশ দখল করে নেয়।
এর পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে একের পর এক ফিলিস্তিন ভূখণ্ড জবরদখল করে যাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।
















