ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার বরুড়ায় ঘুষ না পেয়ে ব্যবসায়ী ফরিদ আহমেদের বাড়ি থেকে ছাগল নিয়ে গেলেন বরুড়া থানা পুলিশের এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন। এ ঘটনায় ওই দুই এএসআইকে রোববার রাতে ক্লোজড করা হয়েছে।
জানা যায়, গত ২০ জানুয়ারি রাত ৯টার দিকে এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন ফরিদকে গাঁজা দিয়ে ফাঁসান। এ সময় শিপন নামের এক কিশোরকেও আটক করা হয়। রাতেই দালালের মাধ্যমে ফরিদকে ১ লাখ টাকা এবং পরদিন কিশোরকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়।
পরে আরো ৩০ হাজার টাকার জন্য ব্যবসায়ী ফরিদকে চাপ দিতে থাকেন ওই দুই পুলিশ সদস্য। টাকা না পেয়ে ব্যবসায়ী ফরিদের বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যান তারা। পরে ফরিদ ২২ জানুয়ারি কুমিল্লা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় তদন্ত করে সত্যতা পেয়ে রোববার রাতে ওই দুই এএসআইকে কুমিল্লা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।
এ বিষয়ে বরুড়া থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, দুই এএসআইকে প্রশাসনিক কারণে ক্লোজড করা হয়েছে।
















