ইসলাম টাইমস ডেস্ক: আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর চলতি বছর মার্চ পর্যন্ত সব প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।
মিজানুর রহমান আজহারী লিখেছেন, পারিপার্শ্বিক কিছু কারণে, এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারো মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে, আবারও দেখা হবে ও কথা হবে কুরআনের মাহফিলে ইনশাআল্লাহ।
চলতি বছরের প্রোগ্রাম প্রসঙ্গে মাওলানািআজহারী বলেন, এবছর বেশীর ভাগ প্রোগ্রামগুলোতেই পারিবারিক ও সামাজিক ক্রাইসিস নিয়ে কথা বলেছি, পাশাপাশি কয়েকটি সূরার তাফসিরও করেছি। আশাকরি, আলোচনা গুলো থেকে আপনারা উপকৃত হবেন। পরিবারের সবাই মিলে আলোচনাগুলো শুনুন এবং কথাগুলো বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করুন।
















