ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপির পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। বিএনপিও জানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপিও জানে নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয়। শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত করার কৃতিত্ব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতেই হবে।
















