ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-১০সহ জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনে আগামী ২১ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা-১০ ছাড়াও একইদিন গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর ভোটের তারিখ ঘোষণা করেন।
মো. আলমগীর বলেন, নির্বাচনে মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, আপিল দায়ের ২৪-২৬ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১ মার্চ। ভোট নেওয়া হবে ২১ মার্চ।
আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য ঘোষণা করা হয়।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ ফজলে নূর তাপস। এজন্য ঢাকা-১০ আসনটিও শূন্য ঘোষণা করা হয়।
















