ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নলকূপ বসানোর কাজ চলাকালীন সেখান থেকে তীব্র গতিতে গ্যাস বের হতে দেখা গেছে। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় গ্যাসের এই উদগীরণ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির জন্য নলকূপ বসানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে হঠাৎ করে বিকট শব্দে নলকূপ বসানোর জন্য খনন করা গভীর গর্ত দিয়ে পানির সঙ্গে বালু ও গ্যাস বের হতে থাকে। এ কারণে অনির্দিষ্টকালের জন্য ওই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা উড়িয়ে পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে গ্রামে কেউ যাতে চুলায় আগুন না জ্বালায় সে বিষয়ে মাইকে প্রচার করে সাবধান করে দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
















