ইসলাম টাইমস ডেস্ক: ফরাসি সেনাবাহিনীর অভিযানে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এবং শুক্রবার দুইদিন এই অভিযান চালানো হয় বলে ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মালিতে ফ্রান্সের প্রায় সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে। সেখানে ২০১৪ সাল থেকে সন্ত্রাস ধমনের নামে বিভিন্ন অভিযান চালাচ্ছে ফরাসি সেনাবাহিনী।
ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গৌরমা অঞ্চলে ফরাসি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ২০ জন নিহত হয়। এ সময় অনেক যানবাহনের ক্ষয়ক্ষতি হয়। এছাড়া লিপ্টাকো অঞ্চলে চালানো অভিযানে আরও ১০ জন নিহত হয়েছে। দুইদিনের এই অভিযানে একটি ড্রোন, দুটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয় বলে জানিয়েছে ফরাসি সেনাবাহিনী।
















