ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি এক বৈঠকে অর্থমন্ত্রী জানিয়েছেলিন ‘বাংলাদেশের অর্থনীতি ভালো নেই’। অর্থমন্ত্রীর বক্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অর্থমন্ত্রী কেন এমন মন্তব্য করেছেন এর ব্যাখ্যা উনিই ভালো বলতে পারবেন, আমি নই।
টিপু মুনশি বলেন, বাংলাদেশের এক্সপোর্টের সূচক কিছুটা নিম্নগামী। বিশ্বব্যাপী আমদানি-রফতানির যে মন্দা শুরু হয়েছে, সেটিরই প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। আশা করি দু-তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।
আদা, রসুন ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে আমরা চিন্তিত না। পেঁয়াজের ক্ষেত্রে আমরা ভারতের ওপর নির্ভরশীল হলেও এখন চায়না, তুর্কি ও মিয়ানমারের মতো দেশগুলো থেকে পেঁয়াজ আনছি। পেঁয়াজ সরবরাহেও ঘাটতি নেই। কিন্তু অন্যান্য মসলাজাতীয় যেসব পণ্য আছে, সেগুলো যদি কোথাও থেকে না আনা যায়, তা হলে সেটার জন্য আমাদের অন্য সোর্স খুঁজতে হবে। এই সপ্তাহটা দেখি তার পর অন্য কোনো পথ বের করতে হবে।
















