ইসলাম টাইমস প্রতিবেদন ।।
চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় আজ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বেফাক চেয়ারম্যান আল্লামা আহমদ শফির সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মজলিসে আমেলার সদস্যদের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে বেফাক বোর্ডের মানোন্নয়ন, চলতি বছরের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি, পাঠ্যক্রমের পরিমার্জন ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
রাজধানীর আআরজাবাদ মমাদরাসার মুহতামিম, বেফাকের সহ সভাপতি এবং হাইআতুল উলয়ার সদস্য মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের বিশিষ্ট তিন আলেমের ইন্তিকালে শূন্য হওয়া পদের দায়িত্ব বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় আজকের বৈঠকে।
সূত্র জানায়, রাজধানীর ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুসকে বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহ সভাপতি এবং হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। আগামী কাউন্সিল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এর আগে আল্লামা আশরাফ আলী রহ. ছিলেন হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান।
এছাড়াও আল্লামা আনোয়ার শাহ’র ইন্তিকালের পর জামিয়া ইমদাদিয়ার বর্তমান প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ রশিদকে বেফাকের সহ সভাপতি মনোনীত করা হয়।
এদিকে রাজধানীর নুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা আতাউল্লাহ হাফজ্জীকে বেফাকের খাস কমিটি এবং হাইআতুল উলয়ার সদস্য পদে উন্নীত করা হয়।
এছাড়াও আজকের বৈঠকে শিক্ষার মানোন্নয়ন, প্রশ্নফাঁস মোকাবিলা এবং বোর্ডের নিয়মিত এজেন্ডা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বৈঠকে উপস্থিত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
















