ইসলাম টাইমস ডেস্ক : র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি প্রতিরোধে আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের অনন্য ভূমিকা রাখতে হবে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ‘জঙ্গিবাদ’-সন্ত্রাস ছড়ানো হচ্ছে। সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নির্মূলে ধর্মীয় নেতাদের একযোগে কাজ করতে হবে।
‘জঙ্গিবাদ’, সন্ত্রাস এবং মাদকবিরোধী আলেম-ওলামার সমাবেশে এসব কথা বলেন বেনজীর আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইনস মাঠে এ সমাবেশ হয়।
র্যাব মহাপরিচালক বলেন, মসজিদের ইমামরা হলেন সামাজিক নেতা। দেশ, দেশের মানুষকে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম এ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম, বগুড়া জামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল হক হক্কানী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক প্রমুখ।
















