ইসলাম টাইমস ডেস্ক: প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করে না মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জেলের মধ্যে খালেদা জিয়াকে মেরে ফেলার ইচ্ছা শেখ হাসিনার নেই। প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধু করেন নাই, শেখ হাসিনাও করেন না।’
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবের অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, খালেদা জিয়াকে কি আওয়ামী লীগ জেলে নিয়েছে? তাকে কি শেখ হাসিনা জেলে নিয়েছেন? তাকে জেলে নিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় তিনি বিচারাধীন আছেন। তার মামলাটি রাজনৈতিক মামলা নয়, দুর্নীতির মামলা।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে দলের লোকেরা বলেন একটা, আর চিকিৎসকেরা বলেন আরেকটা। চিকিৎসকেরা বলেন, তার স্বাস্থ্য নিয়ন্ত্রণে আছে। আর দলের লোকেরা তাকে অসুস্থ থেকে আরও বেশি অসুস্থ বানিয়ে ফেলেন। তারা যতটা না তার (খালেদা জিয়া) চিকিৎসার জন্য ভাবছে, এর চেয়ে বেশি রাজনীতি করছে।’
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাকে (খালেদা) প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবার থেকে বিভিন্নভাবে আবেদন করা হয়েছে। যারা এ আবেদন করেন, টেলিভিশনের পর্দায় আবেদন করেন। আমি সকালেও খবর নিয়েছি, তারা লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্যারোলের জন্য আবেদন করেননি। এখন লিখিত আবেদন করলেও এই আবেদন কারণসহ যুক্তিসঙ্গত হতে হবে। যুক্তিযুক্ত কারণ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্যারোল বিবেচনা করতে পারেন না, সরকার বিবেচনা করতে পারে না।’
















