ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় দাবি করেন ফেসবুকে জনপ্রিয়তার নিরিখে তিনিই নাকি শীর্ষে। আর দু’নাম্বারে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বাতায় ট্রাম্প জানান ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গই নাকি এ তথ্য দিয়েছেন।
ভারত সফরের আগে ফেসবুকে জনপ্রিয়তার উদাহরণ তুলে ধরে শনিবার এক টুইটবার্তায় ট্রাম্প এসব তথ্য জানান।
এই প্রথম ভারত সফরে যাচ্ছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি গুজরাটের আহমেদাবাদ ও নয়াদিল্লি যাওয়ার কথা তার। সে সফরের আগেই ফেসবুকে এক নাম্বারে থাকার দাবি ট্রাম্পের।
এই প্রথম বার নয়। এর আগেও ফেসবুকে নিজেকে সবচেয়ে জনপ্রিয় এবং মোদিকেও দু’নাম্বার বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে একটি পার্শ্ববৈঠকের ফাঁকে সাক্ষাৎকার দিতে গিয়ে তেমনটাই দাবি ছিল ট্রাম্পের।
















