ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, মানবিক মর্যাদা দিতে গেলে সরকারের উচিত খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেয়া। মানবিক মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেয়া হোক।
শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা শাখার আয়োজনে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমাদের দেশে মানবিক মর্যাদা নেই। দেশের তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন বৃদ্ধা অসুস্থ মহিলা। তিনি যে দলেরই হোক না কেন, এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যে অপরাধ করেছেন তারচে’ হাজারো বড় বড় অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে উনি কেন জেলখানায় ধুকে ধুকে মরবে?
শায়েখে চরমোনাই বলেন, দেশে ন্যায় বিচার বলতে কিছুই নেই। বিচারে বসলেই জজ সাহেব চিন্তা করেন কলম কোন দিকে ঘুড়াবো। যাদের বেশি শক্তি আছে তাদের দিকেই বিচারকের কলম চলে যায়। এক সময় বিচার ব্যবস্থা ছিলো স্বাধীন। আজ স্বাধীনভাবে বিচারকরা বিচার করতে পারেনা। ইসলাম প্রতিষ্ঠার আগ পর্যন্ত কোনভাবেই ন্যায় বিচার সম্ভব না।
















