রোহিঙ্গা শিবিরে চলছে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আশ্রিত রোহিঙ্গারা যেন শিবির থেকে বেরিয়ে যেতে না পারে সেজন্য কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রোহিঙ্গাদের ওপর নজরদারির ব্যাপারে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী কাঁটাতারের বেড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু করছে। মূল উদ্দেশ্য তারা যেন শিবির থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যেতে পারে।

রোহিঙ্গাদের ওপর নজরদারি দুর্বল হয়নি এমন কথা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, যা টেকনাফ-উখিয়ার জনগণের ৩ গুণ। তাদের নজরদারিতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সব বাহিনী কাজ করছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নজরদারি আরও শক্তিশালী করতে ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি স্থাপন করা হবে। তারা যেন বের হতে না পারে সেজন্য আমাদের সব বাহিনী তৈরি রয়েছে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা থেমে যায়নি, আলোচনা চলছে। আশা করছি একদিন রোহিঙ্গাদের তারা (মিয়ানমার) ফেরত নেবে।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি করবেন না: ফখরুলকে হানিফ
পরবর্তি সংবাদতুরস্ক সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালাল রাশিয়া