ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অপরাধ স্বীকার করে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন জানালে তা বিবেচনাযোগ্য হবে বলে জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারী শারীরিক শিক্ষা কলেজ ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি তিনি (খালেদা জিয়া) তার অপরাধ স্বীকার করে প্যারোলে মুক্তির আবেদন করেন তাহলেই সরকার কেবল প্যারোল বিবেচনা করতে পারে।’
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কোনো কর্তৃত্ব সরকারের নেই। যদি সরকার এই কর্তৃত্ব খাটাতে চায়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে হবে, যা সংবিধান অনুমোদন দেয় না।’
খালেদা জিয়া একমাত্র আইনি পদ্ধতিতেই জেল থেকে মুক্তি পেতে পারেন, একথা পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আন্দোলন অথবা রাস্তায় প্রচারণা চালিয়ে বিএনপি নেত্রীর মুক্তির কোনো পথ নেই। তার জেল থেকে মুক্তির একমাত্র পথ হতে পারে আইনি ব্যবস্থা।’
















