সাবেক সোভিয়েত বাহিনীর পরাজয় থেকে শিক্ষা নিতে হবে মার্কিনীদের: তালেবান

ইসলাম টাইমস ডেস্ক: আমেরিকাকে উদ্দেশ করে প্রকাশিত এক বিবৃতিতে তালেবান বলেছে, মার্কিনীদেরকে আফগানিস্তানে সাবেক সোভিয়েত বাহিনীর পরাজয় থেকে শিক্ষা নিতে হবে। একইসঙ্গে আফগানিস্তান থেকে আবারো সকল দখলদার মার্কিন সেনাকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে তালেবান।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকার সঙ্গে তালেবানের একটি সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে বলে যখন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিচ্ছে তখন তালেবান ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানাল।

শনিবার আমেরিকাকে উদ্দেশ করে প্রকাশিত এক বিবৃতিতে তালেবান বলেছে, মার্কিনীদেরকে আফগানিস্তানে সাবেক সোভিয়েত বাহিনীর পরাজয় থেকে শিক্ষা নিতে হবে। আমেরিকানারা আফগানিস্তানে জোর করে থেকে যেতে চাইলে তাদেরকে সেই পরিণতি ভোগ করতে হবে যা ভোগ করেছিল সাবেক সোভিয়েত ইউনয়ন।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে তালেবানের সঙ্গে আমেরিকার চলমান আলোচনার কথা উল্লেখ করে জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্তসাপেক্ষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন। শর্তটি হচ্ছে, দু’পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহ আগে থেকে তালেবানকে সহিংসতা বন্ধ রাখতে হবে। এক সপ্তাহ আফগানিস্তানের কোথাও তালেবান সশস্ত্র হামলা না চালালে বোঝা যাবে তারা চুক্তির শর্ত মেনে চলবে।

আমেরিকা গত প্রায় এক বছর যাবত আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। চলমান এই আলোচনা মার্কিন প্রশাসনের আচরণে বেশ কয়েকবার ভেঙ্গেও গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছিলেন একবার।

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তিতে তালেবান আফগানিস্তানে সহিংসতা ও সশস্ত্র হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে।   সূত্র : পার্সটুডে

পূর্ববর্তি সংবাদকুয়েতে মানব পাচারে যুক্ত লক্ষীপুরের এমপি কাজী শহিদ, আরব টাইমসে প্রতিবেদন প্রকাশ
পরবর্তি সংবাদদিল্লির জামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীদের ওপর নির্মম পুলিশি হামলা: আরেক ভিডিও ভাইরাল (ভিডিও)