ইসলাম টাইমস ডেস্ক: সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ দলটির পরাজিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচনের দিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চেষ্টা করেছিল মাঠে থাকার। কিন্তু তাদের সংগঠিতই করা হয় নাই। কেউ ঝুঁকি নিবে কেউ ঘুমিয়ে থাকবে সেটা হতে পারে না। এভাবে আমাদের সাফল্য আসবে না।
রোববার নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলরদের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেছেন, নির্বাচনের দিন কার কি ভূমিকা ছিল সেটা কারো নাম উল্লেখ করে বলার দরকার নাই। নির্বাচনের দিন ভোট দিয়ে আমি নিজেও কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে বেড়িয়েছি। সেদিন কিছু আকাশ-পাতাল তফাৎ লক্ষ্য করেছি।
তিনি আরও বলেন, কিছু এলাকায় দেখেছি কাউন্সিলর প্রার্থীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছে নির্বাচনকে ছিনিয়ে আনার জন্য। আবার কিছু জায়গায় দেখেছি কাউন্সিলর প্রার্থীও নাই।
ইশরাক বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের মধ্যে যে দুর্বলতা ছিল এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমরা যাতে সামনের দিনগুলোতে আমাদের দুর্বলতাকে চিহ্নিত করে সমাধান করতে পারি।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
















