ইসলাম টাইমস ডেস্ক: করোনার ঝুঁকি বিবেচনা করে দেশের এবং জনগণের স্বার্থে বাংলাদেশকে এখনই হুবেই প্রদেশে আটকা পড়া ১৭১ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে না আনার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ৩১২ জন শিক্ষার্থীকে ঢাকায় ফেরত আনা হয়। তাদের সবাইকে আশকোনার হজ ক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে (কোয়ারেন্টাইন) রেখে সুস্থতা নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেওয়া হয়। এখন আরও ১৭১ বাংলাদেশি চীনের হুবেই প্রদেশ থেকে দেশে ফিরতে আগ্রহী। এজন্য তারা আবেদন জানালেও এ বিষয়ে একটু সময় নিচ্ছে বাংলাদেশ।
কূটনৈতিক লি জিমিং বলেন, ১৭১ জন বাংলাদেশিকে এখনই ফেরত আনার প্রয়োজন নেই। কেননা, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। যারা সেখানে আছেন, তারা সবাই সেখানে সুরক্ষিত আছেন। তাদের আনতে সেখানে যে ফ্লাইট যাবে, ওই বিমান এবং তার পাইলট-ক্রুদের এই মুহূর্তে অন্য কোনো দেশ ঢুকতে দেবে না।
















