ইসলাম টাইমস ডেস্ক : আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্যে পানির দাম ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াসা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে গত বছরের সেপ্টেম্বর দেওয়া চিঠিতে ওয়াসা এই প্রস্তাব করে।
আবাসিক ব্যবহারের জন্যে প্রতি ইউনিট বা ১ হাজার লিটার পানির দাম ১১ দশমিক ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্যে বর্তমান দাম ৩৪ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব দিয়েছে।
ওয়াসার বক্তব্য, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে অনেক টাকা ঋণ হয়ে গেছে। সেই ঋণ পরিশোধ করার জন্যে পানির দাম বাড়ানো দরকার। এছাড়াও, সংস্থাটির পরিচালনা খরচ বেড়েছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গতকাল সোমবার বলেন, “আমরা একটি প্রস্তাব দিয়েছি। সরকার তা পরীক্ষা-নিরীক্ষা করছে।”
তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াসার আধুনিকীকরণে প্রচুর বিনিয়োগের প্রয়োজন হয়েছে। সেই সঙ্গে পরিচালনা খরচও বেড়েছে। এই পরিস্থিতিতে পানির দাম বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন তাকসিম।
তিনি বলেন, “ভর্তুকি দিয়ে সংস্থাটিকে সুন্দরভাবে পরিচালনা করা যায় না। আমরা সিস্টেম লস কমিয়েছি। সেবার মান উন্নত করেছি। তাই এখন পানির দাম বাড়ানো জরুরি।”
২০১৭ সালে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের পানির দাম যথাক্রমে ২২ এবং ১৮ শতাংশ বাড়ানো হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন ওয়াসার পানির প্রতিটি ইউনিটের দাম ছিল মাত্র ছয় টাকা।
















