ইসলাম টাইমস ডেস্ক: সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের হালুয়াঘাটে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে হালুয়াঘাটের রঘুনাথপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শ সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাম নামের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ ঘটনায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় প্রথমে দুইজন নিহত হয় এবং সাতজন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এদের মধ্যে সেখানে নেয়ার পথে আরো দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ওসি আরো বলেন, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হলেও ড্রাইভার পালিয়ে যায়।
















