ইসলাম টাইমস ডেস্ক: “ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছে। সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেরণা যুগিয়েছে। যদি একুশ ফেব্রুয়ারি শহীদেরা রক্ত না দিতেন তাহলে আমরা যেমন রাষ্ট্রভাষা বাংলা পেতাম না, আমাদের স্বাধীনতা আন্দোলনও তেমন কঠিন হয়ে যেত। সুতরাং ভাষা আন্দোলন যুগে যুগে আমাদেরকে অন্যায় ও স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করতে শিখিয়েছে”।
আজ বিকাল ৫টায় ঢাকা মহানগরী সহ-সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আজিজুল হকের পরিচালনায় মহানগর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আজকের আওয়ামী স্বৈরাচার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার যে অপসংস্কৃতি এই সরকার চালু করেছে তার পরিণতি জাতি এখনই ভোগ করতে শুরু করেছে। জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। ব্যাংকগুলো আমানত সংকটে ভুগছে। এই অবস্থা আর চলতে দেয়া যায় না। সকল রক্তচক্ষু উপেক্ষা করে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার সংগ্রামকে আরো বেগবান করতে হবে।
















