২৯ ফেব্রুয়ারি তালেবান-যুক্তরাষ্ট্রের মাঝে সাক্ষরিত হবে যুদ্ধবিরতি চুক্তি

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২৯ ফেব্রুয়ারি আফগান তালেবান এবং যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা হবে।  এক বছরের বেশি সময় ধরে চলমান আলোচনার পর অবশেষে দুই পক্ষই সম্মত হয়েছে চুক্তিতে সাক্ষর করার ব্যাপারে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমে এক বিবৃতিতে ২৯ তারিখ চুক্তির বিষয়টি জানান৷ এর কিছুক্ষণ পর তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদের বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়৷

এর আগে শুক্রবার দিনের শুরুতে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভেদ ফয়সাল শনিবার থেকে সপ্তাহব্যাপী ‘সংঘাত হ্রাস’ কর্মসূচি শুরু হবে বলে জানান৷ অর্থাৎ, এই সময় সংঘাত কমাতে সচেষ্ট থাকবে মার্কিন বাহিনী, তালেবান ও আফগান কর্তৃপক্ষ৷

মাইক পম্পেও বিবৃতিতে বলেছেন, ২৯ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তানের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে৷ সেখানে স্থায়ী যুদ্ধবিরতি ও আফগানিস্তানের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা হবে৷ পাকিস্তানে তালেবানের এক সূত্র এএফপিকে জানিয়েছেন, ২৯ তারিখ চুক্তি হলে তালেবান ও আফগান সরকারের মধ্যে ১০ মার্চ আলোচনা শুরু হবে৷

গত ১৮ বছর ধরে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলে আসছে৷ আফগানিস্তানে এখনো ১২ থেকে ১৩ হাজার মার্কিন সৈন্য রয়েছে৷ সূত্র: ডি ডব্লিউ

পূর্ববর্তি সংবাদগত ১১ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন হয়েছে: পরিকল্পনামন্ত্রী
পরবর্তি সংবাদকাকরাইল মসজিদে সাইয়েদ আবুল হাসান আলী নদভি রহ.-এর বয়ান ও কিছু কথা