ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সংবিধান অনুযায়ী জামিন খালেদা জিয়ার প্রাপ্য হক, অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই মামলায় জামিন পাওয়া তার হক। অথচ বেগম জিয়াকে আটকে রাখার কোনো আইনি বিধান নেই। বেআইনিভাবে ঠুনকো অজুহাতে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। জাতির প্রয়োজনে যে মানুষটি স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি এরশাদ সরকারের বিরুদ্ধে নয় বছর ধরে সংগ্রাম করেছেন। তিনি এক এগারো সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আজ সেই মানুষটিই কারাগারে বন্দি রয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ীভাবে কুক্ষিগত করার জন্য খুন, গুমের আশ্রয় নিয়েছে। এর আগে আমরা দেশে এমনটা কখনো দেখিনি। তারা হত্যা, খুন, গুম, গ্রেপ্তার করছে, আবার মিথ্যা মামলা দিচ্ছে। এভাবে নির্যাতন, নিপীড়নের মাধ্যমে তারা দেশে একদলীয় শাসনব্যস্থা স্থায়ী করতে চায়।
















