ইসলাম টাইমস ডেস্ক: চুয়াডাঙ্গায় শীত জেঁকে বসেছে। দুইদিন বৃষ্টির পর হিমেল বাতাস আর ঘন কুয়াশায় আচ্ছন্ন আকাশ। যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বুধবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার ঘনত্ব ছিল ৫ কিলোমিটার। আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েক দিন কুয়াশা ও ঠাণ্ডা অব্যাহত থাকবে।
আবহাওয়া অফিসসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় বৃষ্টির পর শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি আকাশ রয়েছে ঘন কুয়াশাচ্ছন্ন।
বৃষ্টির মতো গুঁড়িগুঁড়ি কুয়াশা পড়ছে। বুধবার সকালে কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। বেলা বাড়লেও কুয়াশা কমছে না।
















