ইসলাম টাইমস ডেস্ক: চলতি বছর বেসরকারিভাবে হজ্ব পালনের সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার টাকা। এ বছর সরকারির পাশাপাশি বেসরকারিভাবে হজ পালন করা যাবে তিনটি পৃথক প্যাকেজের অধীনে।
বেসরকারিভাবে নির্ধারিত সাধারণ ও ইকোনোমি প্যাকেজের পাশাপাশি সুযোগ-সুবিধার উপর ভিত্তি করে হজ এজেন্সিগুলো আরো একটি প্যাকেজ ঘোষণা করবে। ‘সাধারণ’ প্যাকেজের অধীনে হজ পালনে ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা এবং ‘ইকোনোমি’ প্যাকেজে ব্যয় ৩ লাখ ১৭ হাজার টাকা।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২০’ ঘোষণা করেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ মুসল্লি হজ পালন করবেন বলে জানা গেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
















