ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, সম্রাট ও পাপিয়াদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের খুঁজে বের করে আইনে সোপর্দ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নাসিম বলেন, সম্রাট ও পাপিয়াদের মতো দুর্নীতিবাজ দুর্বৃত্তদের কারণে আমাদের সব অর্জন মুছে যাচ্ছে। এদের জন্য নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। রাজনৈতিক দলের ছাত্রছায়ায় এ সব রাজনৈতিক দুর্বৃত্তায়ন গড়ে উঠেছে। কে এদের জন্ম দিয়েছেন? কাদের আশ্রয়-প্রশ্রয়ে তারা গডফাদার হয়েছে? তাদের খুঁজে বের করতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন, আমরা যখন এরশাদবিরোধী ও খালেদা জিয়াবিরোধী আন্দোলন করেছিলাম তখন তো মাঠে সম্রাট-পাপিয়াদের খুঁজে পাওয়া যায়নি। ওয়ান ইলেভেনের দুর্দিনের সময়ও তাদের দেখা মেলেনি। এখন একজন সম্রাট জাহাঙ্গীর হয়ে গেছে, একজন লাঠি হাতে ফুলন দেবি হয়েছে। এ সব রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে রাজনীতিবিদদের প্রতি অশ্রদ্ধাবোধ তৈরি হচ্ছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এখন তো সবাই আওয়ামী লীগার ও বঙ্গবন্ধুপ্রেমী হয়ে গেছে। কারা সত্যিকারের আওয়ামী লীগার সেটি দেখতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করতে হবে।
















