ইসলাম টাইমস ডেস্ক: রুশ সমর্থিত সিরীয় বাহিনীর হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে তুরস্কও। গতকাল বৃহস্পতিবার রাতে একসঙ্গে ৩৩ সেনা নিহত হওয়ায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ওই ঘটনার পর পরই নিজেদের সামরিকবাহিনীকে পাল্টা হামলা চালানোর নির্দেশ দেন তিনি। পাল্টা হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সিরীয় হামলার জবাবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভয়াবহ পাল্টা হামলা চালাতে শুরু করে তুরস্ক। এখনো সেই হামলা চলছে। এখন পর্যন্ত সিরিয়া সরকারের অন্তত ২০০টি স্থানে হামলা চালিয়েছে তুর্কি সামরিকবাহিনী। এতে ৩০৯ সিরীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক কর্তৃপক্ষ।
সিরীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সিরিয়ার সরকারিবাহিনীর হামলার জবাবে ইদলিব ও আল হাসাকা অঞ্চলে ভয়াবহ হামলা চালাচ্ছে তুর্কি সেনারা। তাদের ছোড়া বেশকিছু শেল ও ক্ষেপণাস্ত্র আল হাসাকা অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। ফলে বন্ধ হয়ে গেছে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ।
এ দিকে সিরিয়ার চলমান উত্তেজনা নিয়ে শুক্রবার ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও রুশ প্রেসিডেন্ট পুতিন। তারা দুজনই পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন।
















