ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুই নারী, দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। ওই গাড়িতে চালকসহ মোট ৮ জন ছিলেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাদিরপুর এলাকায় বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ-১১-৩২৬০) রাজশাহী থেকে ছেড়ে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাদিরপুর এলাকায় পৌঁছানোর পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনার পর গোদাগাড়ী থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত এক শিশুসহ পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালে পৌঁছানোর পর তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দু’জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
















