ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ-পানির সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না। জনগণ সরকারের এই সিদ্ধান্তকে মেনে নিবে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “পানি ও বিদ্যুতের সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না। উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য পানির দাম বৃদ্ধি করা হয়েছে।”
বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি-সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম বাড়ানো হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দেয়া লাগছে।”
















