রাশিয়ার প্রতি তুরস্কের হুশিয়ারি : তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাড়ান

ইসলাম টাইমস ডেস্ক : সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়ে মস্কোকে উদ্দেশ করে বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান। খবর আনাদোলুর।

এরদোগান শনিবার আঙ্কারায় এক বক্তব্যে দাবি করেন, রাশিয়া সিরিয়ার ইদলিব পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায়।

তিনি আরও দাবি করেন, সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দখল করার ইচ্ছা আঙ্কারার নেই; বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র।

কিন্তু এ কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন।

সিরিয়ার সরকার নয়; বরং সে দেশের জনগণের আমন্ত্রণে সাড়া দিয়ে সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। কাজেই তার দেশের সেনারা সিরিয়া ত্যাগ করবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট অবশ্য এ কথার সত্যতা স্বীকার করেন, সম্প্রতি সিরিয়ার বিমান হামলায় ইদলিবপ্রদেশে মোতায়েন করা তার দেশের ৩৬ সেনা নিহত হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী প্রায় দুই মাস আগে সে দেশের উত্তরাঞ্চলীয় ইদলিবপ্রদেশ থেকে বিদ্রোহীদের সরিয়ে দেওয়ার জন্য অভিযান শুরু করে।

এ কাজে সিরিয়াকে পৃষ্ঠপোষকতা করছে রাশিয়া। কিন্তু তুরস্ক এ অভিযানের বিরোধিতা করছে এবং ইদলিবপ্রদেশে মোতায়েন নিজের সেনাদের দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছে।

তবে সিরিয়ার সরকার ও জনগণ এ কাজের পরিণতির ব্যাপারে আঙ্কারাকে সতর্ক করে দিয়েছে।

পূর্ববর্তি সংবাদদিল্লির গণহত্যা : আমরা কি শুধু মৌখিক প্রতিবাদ করেই ক্ষান্ত থাকব, প্রশ্ন আল্লামা তাকি উসমানির
পরবর্তি সংবাদভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‘হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা’, নিহত ১, আহত ৫