দিল্লির সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ইসলাম টাইমস ডেস্ক:  বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন ঘিরে দিল্লির সহিংসতা নিয়ে ‍উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

শনিবার শান্তিনিকেতনে এক আলোচনা সভায় অমর্ত্য সেন বলেন, ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও চিন্তার কারণ আছে। দিল্লিতে যা ঘটেছে ভারতবাসী হিসাবে আমি উদ্বিগ্ন।

তিনি বলেন, দিল্লির আইনশৃঙ্খলা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত। সেখানে যদি মুসলমানদের ওপর অত্যাচার হয়, আর সেই অত্যাচার যদি পুলিশ আটকাতে না পারে বা প্রয়োজনীয় চেষ্টাও না করে, এমন অভিযোগ সঠিক হলে চিন্তা করার নিশ্চয়ই কারণ আছে।

‘ধর্ম নিরপেক্ষ’ দেশে মুসলিম হত্যা কেন- প্রশ্ন রেখে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, যাদের নির্যাতন করা হচ্ছে আর যারা নিহত হচ্ছেন তাদের মধ্যে মুসলমান ও সংখ্যালঘু সম্প্রদায় অনেক বেশি। ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে হিন্দু-মুসলমানে পার্থক্য করলে তো চলবে না। এটা যদি ঘটতেই থাকে তাহলে নিশ্চয়ই চিন্তার বড় কারণ আছে।

অমর্ত্য সেন বলেন, গন্ডগোল হচ্ছে, কিন্তু কী কারণে হচ্ছে, দোষটা কোথায় হচ্ছে, সরকারি চেষ্টার অভাবের জন্য নাকি পুলিশের অক্ষমতার জন্য, সেগুলো আমাদের বিচার করতে হবে। আমি নানা বিচারে বিশ্বাসী। কিন্তু বিচার না করেই জবাব দেয়ায় বিশ্বাসী নই।

দিল্লির পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, এখানে কোনো বচসার জায়গা আছে বলে মনে করি না। যেখানে সামাজিক যুদ্ধ চলছে, সেখানে পরিস্থিতি শান্ত করাটা খুবই প্রয়োজন। কিন্তু তার সঙ্গে অন্য দলের সমালোচনা করলে তাদের সুবিধা হবে না, এটা মনে করার কারণ দেখি না।

 

পূর্ববর্তি সংবাদভারতীয় মুসলিমদের পাশে দাঁড়াতে বিশ্বের প্রতি পাকপ্রধানমন্ত্রীর আহ্বান
পরবর্তি সংবাদআওয়ামী লীগ মানুষের কষ্ট বুঝার শক্তি হারিয়ে ফেলেছে : মির্জা ফখরুল