ইসলাম টাইমস ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, সব ধরনের বিরোধিতা সত্ত্বেও সিরিয়ায় যুদ্ধ চালিয়ে যাবে রাশিয়া।
তিনি সিরিয়ার ইদলিব প্রদেশে সেদেশের সেনাবাহিনী ও রুশ অবস্থানে বিদ্রোহীদের গোলাবর্ষণের কথা উল্লেখ করে বলেন, তারা নির্মূল না হওয়া পর্যন্ত সিরিয়ার সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।
পেসকভ আরও বলেন, সোচি চুক্তি অনুযায়ী বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল তুরস্ক; কিন্তু দেশটি সে প্রতিশ্রুতি রক্ষা করেনি।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে বর্তমানে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে আসাদ বাহিনী। ওই অভিযানে সম্প্রতি ইদলিবে মোতায়েন ৩৪ তুর্কি সেনা নিহত হয়। এরপর রবিবার তুরস্ক সিরিয়ার দু’টি জঙ্গিবিমান ভূপাতিত করে এবং তুরস্কের চারটি ড্রোন গুলি করে নামায় সিরিয়া।সার্বিকভাবে সিরিয়ার ইদলিব প্রদেশে তুরস্ক ও সিরিয়ার মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং দু’দেশ সম্পূর্ণ যুদ্ধাবস্থায় রয়েছে।
















