কারাগারে যাওয়ার আগেই জামিন পেয়ে গেলেন সাবেক আ লীগ সাংসদ আউয়াল দম্পতি

ইসলাম টাইমস ডেস্ক: খাস জমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের দখলের অভিযোগে দুদকের করা মামলায় কারাগারে যাওয়ার আগেই জামিন পেলেন  পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে পিরোজপুর দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক নাহিদ নাসরিনের আদালতে জামিন বাতিলের আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হলে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে জামিন আবেদন বাতিল করে এই দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

জামিন আবেদন খারিজ হলেও তারা পুনর্বিবেচনার আবেদন করে চার ঘণ্টার ব্যবধানে জামিন পেয়েছেন। আসামিপক্ষের আইনজীবী দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে জেলা জজ আদালতের বিচারক মো. আ. মান্নান আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আসামিরা মেডিক্যাল ওয়ার্ডে যাওয়ার আবেদন করেন। বিচারক তাদের চিকিৎসকের প্রেসক্রিপশনসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেয়ার আদেশ দেন।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে মুসলিম হত্যা নিয়ে কয়েকটি মুসলিম দেশের প্রতিবাদ, পাল্টা ক্ষোভ ঝাড়ছে ভারত
পরবর্তি সংবাদভারতের সাথে সম্পর্ক যত ভাল হবে ততই আমাদের লাভ: জিএম কাদের