সাবেক আ লীগ এমপি আউয়াল দম্পতির জামিন না মঞ্জুর করা বিচারককে বদলি

ইসলাম টাইমস ডেস্ক: খাস জমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের দখলের অভিযোগে দুদকের করা মামলায় পিরোজপুর-১ আসনের সরকারদলীয় সাবেক এমপি একেএমএ আউয়ালকে স্বস্ত্রীক কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া সেই বিচারককে বদলি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুদকের মামলায় একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান। এর পর বিকালে তাকে অন্যত্র বদলি করা হয়।

জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম মোর্শেদ এ বিষয়ে নিশ্চিত করে জানান, ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে আইন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। এ সংক্রান্ত একটি আদেশ অফিস ফ্যাক্সের মাধ্যমে আমরা পাই।

ওই আদেশে জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নানকে আইন মন্ত্রণালয়ের অধীনে ঢাকা জেলা জজ হিসেবে বদলিসহ একই সঙ্গে পিরোজপুরের যুগ্ম-জেলা ও দায়রা জজ নাহিদ নাছরিনকে ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্ব প্রদান করা হয়।

নাহিদ নাছরিন এ দায়িত্ব পাওয়ার পর আউয়ালের পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন পুনরায় আউয়াল দম্পতির জামিন পুনঃবিবেচনার জন্য আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ওই দিন আউয়াল দম্পতি জামিন লাভ করেন।

পূর্ববর্তি সংবাদইদলিব পরিস্থিতি নিয়ে তুরস্ক সংসদে রুদ্ধদ্বার অধিবেশন
পরবর্তি সংবাদজামালপুরে কবর থেকে লাশ চুরি