মাস না পেরুতেই ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইসলাম টাইমস ডেস্ক : মাস পার না হতেই রাজনৈতিক চাপ ও সংকটের কারণে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মুহাম্মাদ তৌফিক আলাভি। এক ভিডিও বার্তায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খবর পার্সটুডে’র।

ভিডিও বার্তায় আলাভি জানিয়েছেন, বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মাদ তৌফিক আলাভি। দায়িত্ব নেয়ার পর সংসদের আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি। কিন্তু বিভিন্ন সংকটের কারণে আস্থা অর্জনে ব্যর্থ হন।

আলাভি প্রধানমন্ত্রী হওয়ার পর গত এক মাসে দুবার সংসদ অধিবেশন বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

এ দিকে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তিনি মোহাম্মাদ তৌফিক আলাভির পদত্যাগপত্র গ্রহণ করবেন। আর আগামী ১৫ দিনের মধ্যে অন্য কাউকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োগ দেবেন।

ইরাকের আইন অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ওপর আস্থাভোট। আর আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।

 

পূর্ববর্তি সংবাদরাজধানীতে হঠাৎ ঝড়ো বৃষ্টি
পরবর্তি সংবাদবর্তমান আফগান সরকারকে স্বীকৃতি দেবেন না তালেবান