মোদির আগমন নিয়ে কী ভাবছেন বিরোধী দলের নেতারা

ইসলাম টাইমস ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করে বিরোধী দলের নেতারা বলেছেন, এ বিষয়টি নিয়ে সরকারের চিন্তা করা উচিত। মোদিকে আমন্ত্রণ না জানিয়ে ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তাঁরা।

গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জেএসডির উদ্যোগে পতাকা উত্তোলন দিবসের আলোচনা অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দিল্লিতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হলো, তখন মোদি আসছেন আমাদের দেশে। অভিযোগ আছে, এ দাঙ্গার সঙ্গে মোদির দল জড়িত। এই সময়ে বাংলাদেশে আসাটা কতটুকু শোভনীয় হচ্ছে, সেটা অবশ্যই চিন্তা করা উচিত।’

 

মুজিব শতবর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করার সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এটা মোদিবর্ষ না মুজিববর্ষ? রব নাই, কাদের সিদ্দিকী নাই, মোদিকে আনছেন।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে মুজিব বর্ষ পালনের সমালোচনাও করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী বলেন, মোদিকে প্রধান বক্তা করা লজ্জার। সীমান্তে হত্যাকাণ্ডের জন্য মোদিকে ক্ষমা চাওয়ার দাবিও জানান।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘মুজিব বর্ষের অলংকার হিসেবে মোদিকে নিয়ে আসা হচ্ছে। এর অর্থ হচ্ছে ক্ষমতায় থাকতে হবে তোষামোদ করে।’

 

পূর্ববর্তি সংবাদএবার যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু
পরবর্তি সংবাদসোশ্যাল মিডিয়া নয়, বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন : মোদিকে রাহুল