ইসলাম টাইমস ডেস্ক: সাম্প্রদায়িক উন্মাদনায় দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, নরেদ্র মোদির হাতে বারবার মুসলমানদের রক্তের দাগ লেগেছে। সীমান্তের বাংলাদেশিদের রক্তের দাগ লেগে আছে। এমন এক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে আনা হলে গোটা জাতিকে চরম অপমান করা হবে।
আজ বুধবার বিকেল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেইটে ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, পবিত্র মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা মুজিববর্ষের বিরোধিতা করছি না। আমরা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্যক্তি নরেদ্র মোদির বিরোধিতা করছি। ভারতে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের নির্মূল করার অপচেষ্টা চলছে। সিএএ, এনআরসি এসবের মূল উদ্দেশ্য ভারতকে মুসলিম শূন্য করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
















