শিবচরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫ ঘর, খোলা আকাশের নীচে রাত কাটান ক্ষতিগ্রস্তরা

ইসলাম টাইমস ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলায় অগ্নিকাণ্ডে একে একে ১৫টি ঘর পুড়ে গেছে। এ সময় দুটি গবাদিপশুও পুড়ে মারা যায়। এ ঘটনায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট উপজেলার কাদিরপুর ইউনিয়নের হাজী ওহাব বেপারির কান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলার কাদিরপুর ইউনিয়নের হাজী ওহাব বেপারির কান্দি গ্রামে মঙ্গলবার রাতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ১৫টি ঘরসহ দুটি গবাদিপশু পুড়ে যায়। ঘরের ভেতর থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

পরে শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- কাদিরপুর ইউনিয়নের হাজী ওহাব বেপারির কান্দি গ্রামের ইনসান সরদার, নুরুজ্জামান সরদার, মুক্তা বেগম, সুমন সরদার, আল-ইসলাম, নুরু-ইসলাম।

শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান জানান, খবর পেয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে সকালে ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা ও প্রত্যেককে ২ বান্ডেল করে ঢেউটিন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক, শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদুৎ কুমার সরকার, কাদিরপুর ইউপি চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পূর্ববর্তি সংবাদচোখে ট্যাটু করতে গিয়ে পুরো অন্ধ হয়ে গেলেন মডেল
পরবর্তি সংবাদসামাজিক মাধ্যমে ভাঁড়ামি বন্ধ করুন : মোদিকে রাহুল